রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

মো:মোমিনুল ইসলাম

মার্চ ১৬, ২০২৬, ১২:২৪ পিএম

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার

সীমান্তে ফেনসিডিল উদ্ধার -ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ মার্চ) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া বিওপি’র একটি চৌকস দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাত পৌনে ১০টার দিকে চান্দুরিয়া বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অবস্থান নেয়। অভিযানে পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমিরপাড়া গ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। তিনি আরও যোগ করেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।