নভেম্বর ২৫, ২০২৬, ০৮:৩০ এএম
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়। আটক চারজনকে পরে কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।
আটক অন্যরা হলেন বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলে ওঠে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক দল হোটেলটি ও এর আশপাশ ঘিরে অভিযান শুরু করে। পরিচয় যাচাইয়ে দীর্ঘ সময় লাগায় প্রায় পাঁচ ঘণ্টা পর ভোরে তাঁদের আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক অবস্থান করছেন বলে তাঁদের কাছে গোপন সংবাদ ছিল। সেই খবরের ভিত্তিতেই হোটেলটি ঘিরে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পুলিশের কাছে এসেছে। তথ্য যাচাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাঁদের আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, আটকদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। তাঁদের সিলেটে অবস্থানের তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়।
তবে তাঁরা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। আটক চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন