মো: মামুনুর রশিদ
নভেম্বর ৩০, ২০২৫, ০৯:১৫ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম ইউনিট দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে পরিচালিত ৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ১০ শয্যার মাতৃসদন কেন্দ্রটির হারানো পরিচয় জীবন্ত করে তোলা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয়ে বিলুপ্ত সাইনবোর্ড সংস্কার করে প্রতিষ্ঠানটির নামকরণ 'শহীদ জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হাসপাতাল' করা হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে দিনাজপুরের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দুটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল।
নামকরণ ও ইতিহাস
১৯৭৯ সালের ১২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনাজপুরে সফরে এলে দিনাজপুর হাউজিং এস্টেটের ১নং ব্লকে ১ টাকা প্রতীকী মূল্যে ২ একর জমি হাসপাতালের জন্য বরাদ্দ দেন। তার এই অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্তক্রমে হাসপাতালটির নামকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছিল।
কার্যক্রম দ্রুত চালুর দাবি
উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২০০৬ পরবর্তী সময়ে বিগত ফ্যাসিস্ট সরকার হাসপাতালের সকল মানবিক কার্যক্রম বন্ধ করে দিয়ে একটি স্কুলকে ভাড়া দিয়ে রাখে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শহীদ জিয়াউর রহমানের দিনাজপুরের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রে যে অনন্য অবদান, তার ধারাবাহিকতায় রেড ক্রিসেন্টের এই মানবিক কার্যক্রমকে দ্রুত পুনরুজ্জীবিত করে গণমানুষের মানবিক কার্যক্রম সফল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট অ্যাডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা সরকারি কৌঁসুলি (জি.পি) অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন, এ্যাডহক কমিটির সদস্য মো. আরিফ রেজা, আজীবন সদস্য ওবায়দুর রহমান গোল্ডেন, মো. মামুনুর রশিদ মামুন, মাসুমা হক চৌধুরী প্রমুখ।