মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ২, ২০২৫, ০৯:০২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা শোভারাণী পেলেন একটি হুইল চেয়ার। শ্রমিক পরিবারের এই গৃহবধূ অর্থের অভাবে হুইল চেয়ারটি কিনতে পারছিলেন না। মানবতার ফেরিওয়ালা হয়ে তাঁর পাশে দাঁড়ালেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল।
হুইল চেয়ারটি পেয়ে এখন স্বস্তি ফিরেছে শোভারাণীর জীবনে।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের রায়সাহেব বাড়ী এলাকার বাসিন্দা বীরেন চৌহানের পঙ্গুত্ব বরণ করা।
সহধর্মিণী শোভারাণীর নিকট মহিউদ্দিন বকুল নিজ হাতে হুইল চেয়ারটি তুলে দেন। হুইল চেয়ারটি পেয়ে ভীষণ খুশি হন শোভারানী, তাঁর পরিবার ও প্রতিবেশীরা।
শোভারাণী আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি হুইল চেয়ারের জন্য চলতে পারছিলাম না। স্বামীরও কেনার সামর্থ্য ছিল না। কিন্তু বকুল ভাই সেটা পূরণ করেছেন। ঈশ্বর তাঁর ভালো করুন, মনের আশা পূরণ করুন।"জানা যায়, শোভারাণী তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন। অনেক চিকিৎসার পরও তিনি হাঁটতে চলতে না পারায় পঙ্গুত্ব বরণ করতে হয়। স্বামী বীরেন চৌহানের শ্রমিকের কাজ করে কোনোমতে সংসার চললেও, স্ত্রীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় হওয়ায় হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না।
দিনাজপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল বিষয়টি জানতে পেরে ৮ ঘণ্টার মধ্যে একটি হুইল চেয়ার কিনে নিয়ে শোভারাণীর বাসায় হাজির হন।মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, "মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে বিএনপি'র নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করব অর্থ দিয়ে হোক আর পরিশ্রম দিয়ে হোক, ভবিষ্যতে শুধু শোভারানী নয়, হাজারো শোভারানী যারা অসহায়ত্বে দিনযাপন করছেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে।"