মো. মামুনুর রশিদ
ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৫২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং অদম্য নারী পুরস্কার-২০২৫ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই - ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম ও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ শরীফ।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোরশেদ আলী খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান, চিকিৎসক ডা. মমতাজ বেগম পলি, এনজিও প্রতিনিধি সেবাস্টিয়ান পিউরিফিকেশন, শাহনাজ শিরিন এবং সমাজসেবক নাজমা মসির।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার-২০২৫ কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে নির্বাচিত আরও পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।