সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে পালিত হলো বেগম রোকেয়া দিবস

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০৭ পিএম

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে পালিত হলো বেগম রোকেয়া দিবস

ছবি-দিনাজপুর টিভি

নারী জাগরণের অগ্রণী বীরযোদ্ধা এবং নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে দিনাজপুরে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর-২০২৫) জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, "বেগম রোকেয়া নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও তিনি অন্য নারীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ ও প্রতিষ্ঠিত করার জন্য আজীবন লড়াই করে গেছেন।

বেগম রোকেয়া ও তাঁর চিন্তা-ধারা বাংলাদেশের নারী আন্দোলনের কেন্দ্রীয় ভাবনায় ও কর্মে আছে।"কানিজ রহমান আরও বলেন, কুসংস্কারে নিমজ্জিত একটি অন্ধকার সমাজব্যবস্থার ধ্যান-ধারণা থেকে তিনি নারী জাতিকে আলোর পথ দেখিয়েছেন। নারীমুক্তি ভাবনায় তাঁর স্বাপ্নিক বহুদূরগামী দৃষ্টিভঙ্গী আজ বাংলাদেশের নারী আন্দোলনের বহুমাত্রিক কর্মকাণ্ডে প্রতিফলিত।বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন-এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি মিনতি ঘোষ, মনোয়ারা সানু, রত্না মিত্র, গোলেনুর বেগম, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, সম্মানীয় সদস্য জেসমিন আরা, সদস্য কবিজান সিবানী উড়াও, মিনতি এক্কা, রেহানা বেগম, লতা, লাবনী কুন্ডু প্রমুখ।