সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে তারুণ্যের একতায় পালিত হলো দুর্নীতিবিরোধী দিবস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:২৯ পিএম

দিনাজপুরে তারুণ্যের একতায় পালিত হলো দুর্নীতিবিরোধী দিবস

ছবি-দিনাজপুর টিভি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর শুদ্ধতা"—এই দৃপ্ত প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়।

জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনের পর মানববন্ধন ও র‌্যালিতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়ক যেন দুর্নীতিবিরোধী সংকল্পের কণ্ঠসমুদ্রে রূপ নেয়।

তরুণ-তরুণী, শিক্ষক, কর্মকর্তা, এনজিও কর্মী, পেশাজীবী—সবার চোখে মুখে ছিল একটাই বার্তা: "যে সমাজে দুর্নীতি নেই—সেই সমাজই আমাদের গন্তব্য।"এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার।প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) এবং জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস তাঁদের বক্তব্যে ন্যায়, শুদ্ধতা ও জবাবদিহির অঙ্গীকার তুলে ধরেন।দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততার আগুন তরুণরাই জ্বালাবে, তারা রুখে দেবে যেকোনো অনিয়মের পথ।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা সমবায় অফিসার মো. আব্দুস সবুর, জেলা শিক্ষা অফিস, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রতিনিধিরা।দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার-এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এস এ টিভির জেলা প্রতিনিধি মো. খাদেমুল ইসলাম, শিক্ষার্থী রিপন রায় ও মোছাম্মৎ আলো খাতুন সহ এনজিও প্রতিনিধিরা।দিনভর কর্মসূচির ধারাবাহিকতায় সন্ধ্যায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার (বড় মাঠ) ও রেলওয়ে স্টেশন চত্বরে প্রদর্শিত হয় দুর্নীতিবিরোধী তথ্যচিত্র। সাধারণ মানুষ, পথচারী, শিক্ষার্থী—সবাই দাঁড়িয়ে পর্দায় ভেসে ওঠা সত্য ও সততার বার্তা দেখেন।