মো. মামুনুর রশিদ
ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২০২৫) তৃতীয় দিনের মতো ফুলবাড়ী উপজেলায় ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ২টি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ২টি ভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এই অভিযানে নেতৃত্ব প্রদান করেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
চিমনি গুঁড়িয়ে দেওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্ন: রাঙামাটি এলাকায় মেসার্স ইব্রাহিম ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) ও মেসার্স এম আর ব্রিকস (পূর্ব নাম: অর্নব ব্রিকস) নামক ২টি ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অর্থদণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্ন: রাজারামপুর এলাকায় মেসার্স নবী ব্রিকস ও মেসার্স এন এইচ ব্রিকস নামক ২টি ইট ভাটাকে প্রতিটিকে ৩ লাখ করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক নগদ আদায় করা হয়েছে এবং এদেরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, দিনাজপুর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের একটি চৌকস দল।কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরূপ অভিযান জেলায় চলমান অব্যাহত থাকবে।