জানুয়ারি ১৪, ২০২৬, ১০:১২ পিএম
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভাটা মালিকদের মোট ১৪ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এমডিবি (MDB) ইটভাটাকে ৫ লক্ষ টাকা এবং এমডিডি (MDD), এমকেএম (MKM) ও এসএ (SA) ইটভাটার প্রত্যেকটিকে ৩ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে দেখা যায়, নিষিদ্ধ এলাকায় জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে স্থাপিত এই ভাটাগুলোর কোনোটিরই জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই।
এমনকি কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহারের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন জানান, "লাইসেন্স বিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর এসব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জ্বালানি যন্ত্রাংশ নষ্ট করে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, বিরামপুর থানা পুলিশ, র্যাব-১৩ এবং বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন