ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:১৬ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন কাহারোল শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ আয়োজনে এই কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এ.এম মো. জিন্নাত আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবু সরফরাজ হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আকরাম হোসেন। এছাড়াও ইএসডিও-এর উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র রায়সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।
নতুন নির্ধারিত রুটিন অনুযায়ী, সপ্তাহে তিন দিন (রবি, বুধ ও বৃহস্পতিবার) বনরুটি ও ডিম, সোমবার রুটি এবং মঙ্গলবার শিক্ষার্থীদের কলা দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই উদ্যোগের ফলে শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং পুষ্টির অভাব দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন