রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৮:৩৫ পিএম

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌর এলাকার সাহেবগঞ্জ তেলের পাম্প সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

ঘোড়াঘাট অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিনের নেতৃত্বে এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে যাত্রীবাহী বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিক-আপ ভ্যানসহ সকল ধরনের যানবাহনে তল্লাশি করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে যানবাহনের ভেতর কোনো অবৈধ পণ্য বা অস্ত্র আছে কিনা তা যাচাই করেন। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষের মাঝে এক ধরনের নিরাপত্তা ও স্বস্তির আবহ লক্ষ্য করা গেছে।

অভিযান প্রসঙ্গে ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানান, "আইন-শৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে। মূলত মাদক পাচার, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ তৎপরতা ঠেকাতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম। জননিরাপত্তার স্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।