বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা;পুলিশ সুপারের কঠোর নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৬:৫১ পিএম

দিনাজপুরে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা;পুলিশ সুপারের কঠোর নির্দেশনা

দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে ‘বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার প্রতিটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও নিবিড়ভাবে কাজ করার জন্য সকল সার্কেল অফিসার এবং থানার অফিসার ইনচার্জদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ দমনে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা চলবে না। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন। এছাড়াও জেলার সকল সার্কেল অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং আসন্ন দিনগুলোতে সড়কে যানজট ও চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।