মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি-দিনাজপুর টিভি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের শংকরপুর ও উথরাইল ইউনিয়নে পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পৃথক স্থানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার বাদ আসর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাচকুড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
একই দিন বাদ মাগরিব ৭নং উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য ত্যাগের কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মো. মাহবুব আহমেদ, কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
স্মৃতিচারণ শেষে দেশনেত্রীর আত্মার মাগফিরাত এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। মাহফিলে দুই ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসুল্লিরা অংশ নেন।