জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৫১ পিএম
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন বিরামপুরের কৃতি সন্তান জাকারিয়া ইসলাম শান্ত। তাঁর এই অর্জনে বিরামপুরের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
ব্যাট ও বল হাতে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করে বিরামপুর উপজেলার এই তরুণ ক্রিকেটার মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি ছিনিয়ে নেন। তবে শান্তর এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক জীবন সংগ্রামের গল্প।
শান্তর বাবা বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টানা চারবারের নির্বাচিত কাউন্সিলর মোজাফফর হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শয্যাশায়ী বাবার দীর্ঘদিনের স্বপ্ন—তাঁর ছেলে একদিন লাল-সবুজের জার্সি গায়ে জাতীয় দলে খেলবে। বাবার সেই স্বপ্নকে বুকে ধারণ করেই ক্রিকেটের প্রতিটি পদক্ষেপে নিজেকে উজাড় করে দিচ্ছেন শান্ত।ছেলের এই আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ থেকে পাওয়া স্বীকৃতি যেন অসুস্থ বাবার চোখে নতুন করে আশার আলো জ্বালাচ্ছে। এলাকাবাসী ও স্থানীয় ক্রীড়ামোদীরা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে শান্ত বিরামপুর তথা দিনাজপুরের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন