জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩২ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি। দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানু প্রমুখ বক্তব্য রাখেন।এলাকার শত শত নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি জনসমাবেশে রূপ নেয়। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন