মো. মোমিনুল ইসলাম
জানুয়ারি ২৫, ২০২৬, ১১:০৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। রবিবার (২৫ জানুয়ারি) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেশের অন্যতম বৃহৎ এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্রীড়া যজ্ঞ।
প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন অঞ্চলের (বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা অঞ্চল) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত প্রায় এক হাজার শিক্ষার্থী অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ইভেন্টে অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, “জাতীয় পর্যায়ে দক্ষ অ্যাথলেট তৈরি, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে: উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীদের অংশগ্রহণে চমৎকার কুচকাওয়াজ (মার্চপাস্ট) ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের সুশৃঙ্খল মার্চপাস্ট, জাতীয় পতাকা উত্তোলন এবং সংগীত পরিবেশনায় পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার সব ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ, সরঞ্জাম, বিচারক প্যানেল ও কারিগরি ব্যবস্থাপনা—সবকিছুই আন্তর্জাতিক মানের আদলে প্রস্তুত রাখা হয়েছে।দিনাজপুরে অনুষ্ঠিত এই জাতীয় আসরটি কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।