শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

রামচন্দ্রপুরে নির্বাচনী জনসভা, প্রধান অতিথি মতিউর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:১২ পিএম

রামচন্দ্রপুরে নির্বাচনী জনসভা, প্রধান অতিথি মতিউর রহমান

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে জামায়াত মনোনীত ১০-দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রামচন্দ্রপুর ক্লাবের মোড়ে এই বিশাল জনসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. মতিউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমরা নির্বাচনে লড়াই করছি। 

বীরগঞ্জ-কাহারোলের জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকার অবকাঠামো ও কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা হবে।" তিনি আগামী নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি জনাব মো. জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রবিউল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায় উপস্থিত থেকে জোটের সংহতি প্রকাশ করেন।

রামচন্দ্রপুর ইউনিয়ন সেক্রেটারি জনাব মো. মুসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।