মো আরিফ ইসলাম
জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শতগ্রাম ইউনিয়নের বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হুরমুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
জনসভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করা সম্ভব।"
বক্তারা আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে। সভাটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনসভাকে ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।