ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:১৭ পিএম
দিনাজপুর শহরের পাহাড়পুরে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং তাদের ৩৪তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর বাইরে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে ব্র্যান্ডটির ধারাবাহিক সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনাজপুর শহরের ইকবাল স্কুল মোড় সংলগ্ন পাহাড়পুর রোডে অবস্থিত এই আউটলেটটি তিনটি তলা নিয়ে মোট ১৪ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত।
উত্তরাঞ্চলের গ্রাহকদের উন্নত কেনাকাটার অভিজ্ঞতা দিতেই আধুনিক নকশায় এই বিশাল পরিসরটি সাজানো হয়েছে।নতুন এই আউটলেটটিতে আড়ংয়ের নিজস্ব সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থসহ হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকোর, অ্যাক্সেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে।
ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি এই পণ্যগুলোর মাধ্যমে গ্রাহকরা একই ছাদের নিচে বাংলাদেশের বৈচিত্র্যময় কারুশিল্পের অভিজ্ঞতা নিতে পারবেন। মূলত স্থানীয় গ্রাহকদের কাছে আড়ংয়ের স্বতন্ত্র রিটেইল সেবা পৌঁছে দিতেই এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনকালে ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, দিনাজপুরে এই আউটলেটের উদ্বোধন সারা দেশে আড়ং-কে আরও সহজলভ্য করার যাত্রায় একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আঞ্চলিক শহরগুলো বর্তমানে সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি আরও জানান, এমন একটি পরিসর নির্মাণের মাধ্যমে তারা কারুশিল্প ও স্থানীয় সম্প্রদায়কে একসাথে উদযাপন করতে চান।
এই আউটলেটের মাধ্যমে দিনাজপুরের গ্রাহকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরির পাশাপাশি প্রান্তিক কারিগরদের শিল্পকুশলতা ও নিষ্ঠাকে সম্মান জানানোই আড়ংয়ের মূল লক্ষ্য। ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দীর্ঘকাল ধরে বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য রক্ষা এবং গ্রামীণ শিল্পীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন