রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:০১ পিএম

বোচাগঞ্জে অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

হুইলচেয়ার দিচ্ছেন ইউএনও :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে সমাজের অসহায়, দুস্থ ও চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মারুফ হাসান।

 বিতরণকালে তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা যেন কারো জীবনে অভিশাপ হয়ে না দাঁড়ায়, সেজন্য বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের এই অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের নৈতিক দায়িত্বের অংশ। 

তিনি আরও বলেন, এই হুইলচেয়ারগুলো তাদের দৈনন্দিন চলাচলকে যেমন সহজ করবে, তেমনি তাদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে এবং মানসিকভাবে উৎসাহিত করতে সহায়তা করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা এবং বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী ও তাদের স্বজনরা। তারা জানান, চলাফেরার অক্ষমতার কারণে তারা দীর্ঘদিন ধরে গৃহবন্দি বা অন্যের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন। প্রশাসনের এই উপহার তাদের জীবনে নতুন গতি নিয়ে আসবে। অনুষ্ঠান শেষে প্রশাসনের কর্মকর্তারা জানান, উপজেলার প্রতিটি প্রান্তে থাকা প্রকৃত অসহায় ও প্রতিবন্ধীদের তালিকা করে পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন ও সহায়তার আওতায় আনা হবে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।