রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দক্ষিণ লালবাগ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জাহাঙ্গীর

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:১২ পিএম

দক্ষিণ লালবাগ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জাহাঙ্গীর

এমপি জাহাঙ্গীর আলমের ভিত্তিপ্রস্তর স্থাপন :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের তিন তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর হাতে কোনো মসজিদের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "সংসদ সদস্য হিসেবে আমার কর্মজীবনের শুরুতে আল্লাহর ঘর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি মহান রাব্বুল আলামীনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার যে গুরুদায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তা যেন তিনি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ লালবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. মুনসেফ আলী। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং জনগণের সুখ-শান্তি কামনা করা হয়।অনুষ্ঠানে দক্ষিণ লালবাগ জামে মসজিদ কমিটির সভাপতি (২) মো. আজহারুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক মো. মকসেদুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক শাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা খোকন, সহ-কোষাধ্যক্ষ মো. শাহিনুর আলম শাহিন এবং দপ্তর সম্পাদক মামা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক টিটিই মো. আজিজুল হক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারুনুর রশিদ রাজা, বিশিষ্ট সমাজসেবক বাবু চৌধুরীসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদের এই আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দের আভা দেখা গেছে।