ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৩৬ পিএম
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি টহল দল এই সফল অভিযানটি পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বিরল উপজেলার সুইহারা গ্রাম এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানটি সীমান্ত পিলার ৩২৬/৩-এস সংলগ্ন এলাকায় পরিচালিত হয়। টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারা গ্রামে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে মাদক, অস্ত্র ও মানব পাচারের মতো আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে অবৈধ কোনো পণ্য বা মাদক যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকে কঠোর ও নিয়মিত এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন