ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:২১ পিএম
সময় ও সুযোগ বুঝে দিনাজপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি তার নানা ইসকান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। শনিবার সকালে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা-বাবা ও বড় বোনের কবর জিয়ারত শেষে এ কথা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সংশ্লিষ্ট কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও রং করার কাজ শুরু হয়েছে। সফরকালে তিনি তাঁর নিকটাত্মীয়দের স্মৃতিবিজড়িত স্থানে সময় কাটাবেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায়ই দিনাজপুরের কথা স্মরণ করেন। তিনি দিনাজপুরকে তাঁর নানা-নানির দেশ, বগুড়াকে দাদা-দাদির দেশ এবং সিলেটকে শ্বশুরবাড়ির দেশ হিসেবে সম্বোধন করে থাকেন।
দিনাজপুরের প্রতি তাঁর এক গভীর আবেগীয় টান রয়েছে যা এই সফরের মধ্য দিয়ে প্রতিফলিত হবে।শনিবার সকালে কবর জিয়ারত শেষে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি প্রথমবার এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। তিনি বলেন, আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা এবং কোনো অপশক্তির কাছে মাথা নত না করা এক মহীয়সী নারীর মা-বাবার কবর জিয়ারত করতে পারা সৌভাগ্যের বিষয়। তিনি প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় এ অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিনাজপুরের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। কবর জিয়ারতের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন