মার্চ ৩, ২০২৬, ১২:০৪ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর শাখার উদ্যোগে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ পৌর শহরের নামাপাড়া এলাকায় বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ। মাহফিলটি শ্রমিকদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর শাখার সভাপতি ও পার্বতীপুর পৌর সভার মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান সিয়াম। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, অটোরিকশা চালক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে মিজানুর রহমান সিয়াম বলেন, তিনি দীর্ঘকাল ধরে শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের সেবায় নিয়োজিত আছেন। আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তিনি উপস্থিত সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, জনগণের রায় ও সহযোগিতা পেলে পার্বতীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং উন্নত নাগরিক সুবিধাসম্পন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পার্বতীপুর পৌরবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত কয়েকশ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন