মার্চ ৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের পার্বতীপুর শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে রমজানের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি খাতের ব্যবসায়ীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাগত সুরক্ষা এবং সার্বিক কল্যাণে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
পার্বতীপুরে আয়োজিত এই ইফতার মাহফিলে বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংহতি বৃদ্ধি পায়। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন