মার্চ ৫, ২০২৬, ০৬:২৮ পিএম
বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শতগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক এবং বীরগঞ্জ-কাহারোল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান। মাহফিলে বক্তারা রমজানের শিক্ষা ও আদর্শকে ব্যক্তিগত এবং সমাজ জীবনে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
৩নং শতগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, মানুষের সেবায় আত্মনিয়োগ করাই হলো প্রকৃত ধর্মপ্রাণ মানুষের কাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ কে এম দেলোয়ার হোসেন এবং উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হামিদুর রহমান।
বীরগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাহফিলে অংশগ্রহণ করেন। বক্তারা রমজান মাসে সংযম ও সহমর্মিতার শিক্ষা গ্রহণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতারের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ইতিবাচক সাড়া ফেলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন