রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে বিজিবি-র‌্যাবের অভিযানে বিপুল মাদকসহ আটক ২

মো:মোমিনুল ইসলাম

মার্চ ৭, ২০২৬, ০৫:৪৩ পিএম

বিরলে বিজিবি-র‌্যাবের অভিযানে বিপুল মাদকসহ আটক ২

বিপুল পরিমাণ মাদক উদ্ধার :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার পূর্ব বালান্দোর গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বিরল উপজেলার পূর্ব বালান্দোর গ্রামের মৃত সাবেদুর রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রনি আহমেদ (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর পৌনে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি এবং র‌্যাবের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৯ হাজার ৬০০ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই অভিযানের বিষয়ে জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। 

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।