বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পল্লী বিদ্যুৎ বাজার

মো: মামুনুর রশিদ

মার্চ ৯, ২০২৬, ০২:১০ পিএম

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পল্লী বিদ্যুৎ বাজার

বিক্ষোভ করছেন এলাকাবাসী :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজি ও এক ব্যক্তির ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় পল্লী বিদ্যুৎ বাজার মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মোস্তফা রিয়াদ পান্না নামক এক ব্যক্তি তার দলবল নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সম্প্রতি তিনি স্থানীয় ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেনের কাছে বড় অংকের চাঁদা দাবি করেন। 

তোফাজ্জল হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় এবং এর প্রতিবাদ করায় মোঃ আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আনোয়ার হোসেনকে অত্যন্ত নৃশংসভাবে আঘাত করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধনে আসা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। সাধারণ ব্যবসায়ীরা যদি নিরাপদ না থাকেন, তবে তারা দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হবেন। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত পান্না রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে মোস্তফা রিয়াদ পান্না ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি পল্লী বিদ্যুৎ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় এলাকাবাসী "সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও" স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ। কর্মসূচি শেষে স্থানীয় প্রতিনিধিরা জানান, অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।