রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

প্রশাসন ও পুলিশের সঙ্গে সংঘাতে জড়াবেন না:আখতারুজ্জামান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১০:৪৫ পিএম

প্রশাসন ও পুলিশের সঙ্গে সংঘাতে জড়াবেন না:আখতারুজ্জামান

হুইপ আখতারুজ্জামানের বক্তব্য

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না। সোমবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, কারও যদি ব্যক্তিগত কোনো কাজ থাকে তবে তা নিজ উদ্যোগে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। কোনো অবস্থাতেই প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না বলে তিনি কঠোর বার্তা প্রদান করেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং সামনে আরও নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এই অবস্থায় দলীয় নেতাকর্মীদের আরও বেশি শৃঙ্খলাবদ্ধ এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন যে, অতীতে রাজনৈতিক কর্মসূচি পালনের ধরন ও সুযোগ ভিন্ন ছিল কিন্তু এখনকার প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তিত হয়েছে। 

বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাই প্রতিটি নেতাকর্মীকে রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক আচরণ বজায় রাখতে হবে।বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা সম্পর্কেও নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে পারে। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না।

 

বিশেষ করে গুজব ও ডিজিটাল অপপ্রচার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ও ছবি ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ ধরনের ডিজিটাল প্রতারণা ও গুজব শনাক্তে দলীয় কর্মীদের সজাগ থাকতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।