সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

খাল খননে কৃষকের ভাগ্যোন্নয়ন হবে: ডা. এজেডএম জাহিদ

মো: মামুনুর রশিদ

মার্চ ১৩, ২০২৬, ০৪:৪৯ পিএম

খাল খননে কৃষকের ভাগ্যোন্নয়ন হবে: ডা. এজেডএম জাহিদ

উদ্বোধনী স্থান পরিদর্শন :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে প্রস্তাবিত খাল খনন কর্মসূচির উদ্বোধন হলে কৃষি জমির সেচ সুবিধার পাশাপাশি মৎস্য চাষ ও হাঁস পালনের মাধ্যমে স্থানীয় মানুষ আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্ধারিত খাল খনন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।পরিদর্শনকালে ডা. এজেডএম জাহিদ হোসেন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। 

এই প্রকল্প সফলভাবে সম্পন্ন হলে ওই অঞ্চলের কৃষকরা সহজ শর্তে ও স্বল্প খরচে সেচের পানি ব্যবহার করতে পারবেন। এর ফলে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। 

কৃষিখাতের এই আমূল পরিবর্তন শুধু কৃষকদের ভাগ্যোন্নয়নই করবে না, বরং দেশের সামগ্রিক জিডিপিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।মন্ত্রী আরও উল্লেখ করেন যে, খালের পানির বহুমুখী ব্যবহারের সুযোগ থাকায় স্থানীয় বেকার যুবকরা মৎস্য চাষে যুক্ত হতে পারবেন এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। এই উন্নয়ন প্রকল্পকে ঘিরে ওই অঞ্চলে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সকল পর্যায়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। সরকার তৃণমূল পর্যায়ে কৃষি বিপ্লব ঘটাতে বদ্ধপরিকর বলেও তিনি তার বক্তব্যে পুনরায় উল্লেখ করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হাসান আজাদ, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে অতিথিরা ১৬ মার্চের কর্মসূচি সফল করতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন।