মার্চ ১৪, ২০২৬, ০৯:৩৯ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে মাদক সেবনের অপরাধে নবরাজ রায় (২৩) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত নবরাজ রায় চিরিরবন্দর উপজেলার উচিতপুর গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে চিরিরবন্দর থানার এসআই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল পুনট্টি ইউনিয়নের উচিতপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় নবরাজকে হাতে-নাতে আটক করে পুলিশ।
পরে আটককৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী আসামির স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত নবরাজ রায়কে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন