মার্চ ৩০, ২০২৬, ০৪:৫৯ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রানীরবন্দর বাজারের মাংস বিক্রেতা মো. রনি ইসলাম তার বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদে এই তথ্য জানতে পেরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদালত পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ জানান, অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্যদ্রব্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মকবুল হোসেন এ বিষয়ে বলেন, অসুস্থ পশু জবাই করা এবং সেই মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। এই ঘটনার প্রেক্ষিতে তিনি স্থানীয় সকল মাংস ব্যবসায়ীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন