সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৬, ১২:০২ এএম

ফুলবাড়ীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ীতে জরাজীর্ণ একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুততম সময়ের মধ্যে দাবি মানা না হলে পৌরসভা ঘেরাও এবং সড়ক অবরোধসহ সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত পৌর কর (ট্যাক্স) প্রদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।১৭ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে এলাকার শতশত পৌর নাগরিক অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়া এলাকার নিমতলা মোড় মুন্সি হোটেল থেকে টাওয়ারের মোড় পর্যন্ত ‘বউবাজার সড়কটি’ দীর্ঘদিন ধরে অবহেলিত। গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দে পানি জমে থাকে, যার ফলে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সাংবাদিক আল-আমিন বিন আমজাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাশার এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন। এ সময় আরও বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের নেতা এস এম নুরুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন এবং জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস।

আন্দোলনকারীরা পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জানান, আগামী ১৫ দিনের মধ্যে সড়ক সংস্কারের সুনির্দিষ্ট ঘোষণা না এলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ কোনো মিউনিসিপ্যাল ট্যাক্স পরিশোধ করবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, পৌরসভার এই সড়কগুলোর উন্নয়ন কাজ সাধারণত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (LGED) অধীনে আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পন্ন হয়। ওই সড়কের সংস্কারের জন্য ইতিমধ্যে চাহিদা পাঠানো হয়েছে। অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলেই দ্রুত কাজ শুরু করা হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে পৌর প্রশাসন সচেষ্ট রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।