রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান

মোঃ আব্দুর রাজ্জাক

এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৪৭ পিএম

দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন হুইপ আখতারুজ্জামান

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। 

তবে পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরেজমিনে পরিদর্শনের শুরুতে হুইপ আখতারুজ্জামান মিয়া সরাসরি হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে তিনি জরুরি চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি হাসপাতালের নবনির্মিত বহির্বিভাগের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। 

সেখান থেকে তিনি পর্যায়ক্রমে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডে যান। প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে চিকিৎসার মান ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি।এর আগে হুইপ আখতারুজ্জামান মিয়া হাসপাতালে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নুর আলম তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 

পরিদর্শনকালে হুইপের সাথে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হকসহ অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দ।এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ ও রোগীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি নিজ নির্বাচনী এলাকা চিরিরবন্দরের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করেন। স্থানীয় সূত্র জানায়, হুইপের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের সেবার মানে গতিশীলতা আসবে বলে সাধারণ রোগীরা আশা প্রকাশ করছেন।