মে ৩, ২০২৬, ০৮:০১ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৫তম ব্যাচের এই শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই শিক্ষাবর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। কেন্দ্রীয় উদ্বোধনের পর দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে স্থানীয়ভাবে পরিচিতি পর্ব শুরু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, অধ্যাপক ডাঃ যোগেন্দ্র নাথ সরকার, অধ্যাপক ডাঃ জিয়াউল হাসান, ডাঃ পল্লব কুমার দাস ও ডাঃ শাহাব আহমেদ।
এ ছাড়াও হোস্টেল সুপার ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, ডা. লায়লা ফেরদোস এবং এনাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. লিপিকা রানী অধিকারী নবীনদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।ওরিয়েন্টেশন ক্লাসের প্রথম দিনে ২০০ জন নবীন এমবিবিএস শিক্ষার্থীর সাথে পরিচিতি পর্বের পাশাপাশি বর্তমান ও নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পর তাঁদের শপথ পাঠ করান অধ্যক্ষ প্রফেসর ডা: সেখ সাদেক আলী।
এ সময় বিভিন্ন ব্যাচের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।সহকারী অধ্যাপক ডাঃ আনিকা ফারহা, প্রভাষক ডাঃ শেখ আবিদা সুলতানা এবং প্রভাষক ডাঃ মুহতাত আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের এই পদচারণায় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন