রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

১০০০ শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ১১:৩৪ পিএম

১০০০ শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচশ শয্যা থেকে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। ১৬ আগস্ট ২০২৬ তারিখে উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের আগের একটি স্মারকের প্রেক্ষিতে যথাযথ বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনের শর্তে অর্থ বিভাগ এই শয্যা সংখ্যা বৃদ্ধিতে সম্মতি প্রদান করে। প্রজ্ঞাপনের অনুলিপি বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচশ থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিনাজপুরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। স্থানীয় জনপ্রতিনিধিদের এই পদক্ষেপে উত্তরাঞ্চলের চিকিৎসা খাতে বড় ধরনের উন্নতির আশা দেখছেন সংশ্লিষ্টরা।

তবে কেবল শয্যা সংখ্যা বাড়ালেই চলবে না বলে মন্তব্য করেছেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। তাদের মতে, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং সার্বিক সেবার মান আরও বাড়াতে হবে। তবেই সাধারণ মানুষ এই সম্প্রসারিত চিকিৎসা সুবিধার প্রকৃত সুফল ভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তারা।