রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ৬ ফুটের ঘরে মানবেতর জীবন বৃদ্ধ গনি মিয়ার

মোঃ আরিফ ইসলাম

মে ৫, ২০২৬, ০৬:৪৫ পিএম

বীরগঞ্জে ৬ ফুটের ঘরে মানবেতর জীবন বৃদ্ধ গনি মিয়ার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের কল্যানী চৈতন দিঘির পাড় এলাকায় ৭০ বছর বয়সী আব্দুল গনি মিয়ার মানবেতর জীবনের চিত্র ফুটে উঠেছে। জীবনের শেষ প্রান্তে এসে চরম দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন তিনি। তার মাথা গোঁজার ঠাঁই বলতে রয়েছে মাত্র ৬ ফুট দৈর্ঘ্যের একটি ছোট্ট ঘর।

৪ মে সোমবার সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা টিন ও অস্থায়ী উপকরণ দিয়ে তৈরি এই ঘরটি অত্যন্ত সংকীর্ণ। ঘরের উচ্চতা কম হওয়ায় ভেতরে ঠিকমতো দাঁড়ানো সম্ভব হয় না। শোয়ার জায়গাও খুব ছোট। ঝড়-বৃষ্টির মৌসুমে ঘরটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা গনি মিয়ার জীবনে অনিশ্চয়তা ও ভোগান্তি বাড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, আব্দুল গনি মিয়া অত্যন্ত দরিদ্র। তার নিজের কোনো জমি-জমা নেই এবং স্থায়ী আয়েরও কোনো উৎস নেই। বয়সের ভারে তিনি এখন আর ভারী কোনো কাজ করতে পারেন না। 

জীবনধারণের জন্য কখনো মানুষের সহায়তায়, আবার কখনো অনাহারে দিন পার করতে হয় তাকে।এলাকাবাসীর দাবি, গনি মিয়ার মতো অসহায় মানুষের কাছে এখনো কোনো কার্যকর সহায়তা পৌঁছেনি। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন, যাতে অন্তত একটি নিরাপদ আশ্রয় ও ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা পান এই বৃদ্ধ।

একটি ছোট্ট ঘর আর সীমাহীন কষ্টের মাঝেই দিন কাটছে গনি মিয়ার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বদলে যেতে পারে এই বৃদ্ধের জীবন। বর্তমানে মানবিক সহায়তা প্রাপ্তিই তার জন্য সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। সংবাদ শেষ।