শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের চালের বাজার ঊর্ধ্বমুখী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

দিনাজপুরের চালের বাজার ঊর্ধ্বমুখী

চালের পাইকারি আড়ত

দিনাজপুরের ফুলবাড়ীতে ভরা বোরো মৌসুমেও এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। উপজেলার মিলগেটগুলোতে বর্তমানে প্রতি কেজি কাটারিভোগ ৭৩ থেকে ৭৫ টাকা, জিরাশাইল ৭০ থেকে ৭১ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৪৮ থেকে ৪৯ টাকায় বিক্রি হচ্ছে। 

আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে স্থানীয় আড়ত ও খুচরা বাজার ঘুরে মূল্যবৃদ্ধির এই চিত্র দেখা গেছে।পাইকারি আড়তগুলোতে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম মানভেদে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এক সপ্তাহ আগে প্রতি বস্তা জিরাশাইল চালের দাম ছিল ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫৫০ টাকায়। ৩ হাজার ৬০০ টাকার কাটারিভোগ চাল এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৭০০ টাকায়। 

এ ছাড়া মোটা চাল হিসেবে পরিচিত আমন মৌসুমের স্বর্ণা জাতের প্রতি বস্তা চাল ২ হাজার ২৫০ টাকার স্থলে এখন ২... হাজার ৩৫০ থেকে ২... হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এবং বিআর-২৮ চালের দামও বস্তায় প্রায় ১০০ টাকা বেড়েছে। খুচরা বাজারে বর্তমানে বিআর-২৮ ও পারিজা ৫৫ থেকে ৫৮ টাকা এবং কাটারিভোগ ৭৬ থেকে ৭৭ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।বাজারে চলতি বোরো মৌসুমের নতুন চালের সরবরাহ কম থাকা এবং হাটবাজারে ধানের দাম বাড়তির দিকে থাকায় চালের দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 তবে মাঠ থেকে বেশির ভাগ ধান কৃষকের ঘরে উঠে যাওয়ায় এবং হাটে পর্যাপ্ত ধানের সরবরাহ থাকার পরও ভরা মৌসুমে চালের দাম বাড়ায় সাধারণ ভোক্তারা চরম বিপাকে পড়েছেন। মিল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু এলাকার ফসল নষ্ট হওয়া এবং সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ায় পাইকারিতে চালের দাম প্রতি কেজিতে কিছুটা বৃদ্ধি পেয়েছে।