শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বিরলে নবজাতককে দত্তক নেওয়ার আবেদন গ্রহণ শুরু

আতিউর রহমান

জুন ৭, ২০২৬, ০৬:৫৯ পিএম

বিরলে নবজাতককে দত্তক নেওয়ার আবেদন গ্রহণ শুরু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব করা নবজাতক পুত্র সন্তানকে দত্তক নিতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছে।

গত ৫ জুন শুক্রবার সকালে মানসিক ভারসাম্যহীন ওই গর্ভবতী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতকটির জন্মগ্রহণের পর থেকেই তাকে দত্তক নিতে বা লালন-পালনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রাজিউল ইসলাম জানান, আবেদনের সুযোগ সবার জন্য উন্মুক্ত। ১১ জুন পর্যন্ত লিখিত আবেদন জমা নেওয়া হবে। এরপর ১৪ ও ১৫ জুন আবেদনকারীদের যাচাই-বাছাই করা হবে। যোগ্যতা সাপেক্ষে একটি পরিবারকে নবজাতকটির দায়িত্ব দেওয়া হবে। 

যদি দত্তক নেওয়ার উপযোগী পরিবার পাওয়া না যায়, তবে নিয়ম অনুযায়ী শিশুটিকে ছোটমনি নিবাসে পাঠানো হবে।রোববার উপজেলা শিশু কল্যাণ সমিতির সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আগ্রহী আবেদনকারীদের সঙ্গে স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট আকারের ছবি এবং চাকরিজীবী হলে সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে। প্রকৃত যোগ্য ও নিরাপদ পরিবার বাছাইয়ের জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।