শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত

ছবি-দিনাজপুর টিভি

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও সুরক্ষিত প্রকৃতি গড়বো, আগামীর বাসযোগ্য পৃথিবী’—এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেটনেট-বিডি বাংলাদেশের অর্থায়নে দিনাজপুর শহরের উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

সাথী সংস্থার সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নবাব সিরাজ-উদ-দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইডিপি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আফসার আলী, বিবিডিএস-এর নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমান ও সহকারী শিক্ষক মিতালী রায়।

প্রধান অতিথি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার ৯৭ শতাংশ জীবাশ্ম জ্বালানির মাধ্যমে পূরণ হচ্ছে। আমাদের সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হতে হবে এবং জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।

সরকার ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে ও টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ পৃথিবী গঠন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নানা চিত্র ফুটিয়ে তোলে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।