বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার

মো: মামুনুর রশিদ

জুলাই ১, ২০২৬, ০৬:৩১ পিএম

দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, বিপুল পরিমাণ আধুনিক সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র ও অন্যান্য অপরাধমূলক আলামত উদ্ধার করা হয়েছে। 

জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির একটি বিশেষ দল গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কোতোয়ালি থানার বাহাদুর বাজার স্টেশন রোডের ‘হোটেল রাজ’-এর ৩০৬ নম্বর কক্ষে এই সফল অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল টাওয়ারের পাওয়ার হাউজে ডাকাতি করত।অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. সোহানুল ইসলাম (৪০), ভোলার সদর উপজেলার মো. খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুন বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. দুলাল মিয়া (৪০)। 

ডিবি পুলিশ জানায়, তারা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রকৌশলী, টেকনিশিয়ান ও চালক পরিচয়ে সংঘবদ্ধভাবে এই অপরাধগুলো সংঘটিত করত। অভিযানকালে তাদের কাছ থেকে একটি নিসান ডাবল কেবিন পিকআপ, পাঁচটি মোবাইল ফোন, কর্ডলেস ড্রিল ও গ্রাইন্ডার মেশিন, কাটিং ডিস্ক, মেটাল কাটার এবং চাবির থোকায় থাকা মোট ৬৭টি বিভিন্ন ধরনের চাবি উদ্ধার করা হয়। এছাড়া সাতটি স্টেইনলেস স্টিলের তালা, ব্যাটারি চার্জার, লোহার পাইপ, রড এবং ‘জরুরি বিদ্যুৎ’ ও ‘জরুরি টাওয়ারের কাজে নিয়োজিত’ লেখা ভুয়া লেমিনেটেড ডিসপ্লে বোর্ড জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল টাওয়ারের মূল্যবান ব্যাটারি ও সরঞ্জাম চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজন সহযোগী বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। ধৃত চার আসামির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।