সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি পিনাকের ঢেউটিন ও খাদ্য বিতরণ

মোঃ আব্দুর রাজ্জাক

জুলাই ১, ২০২৬, ১১:৩০ পিএম

বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি পিনাকের ঢেউটিন ও খাদ্য বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে সরকারি তহবিল থেকে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন এবং জরুরি শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার রাজারামপুর ইউনিয়নের সুখদেবপুর গ্রামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সামগ্রীগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিরল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই পুনর্বাসন ও সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।বিতরণকালে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক বিপদে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডের শিকার পরিবারগুলোর আকস্মিক ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। 

একই সাথে তিনি স্থানীয় সচ্ছল ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনকে এই বিপন্ন পরিবারগুলোর টেকসই পুনর্বাসনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। আকস্মিক অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো পরিবারগুলোকে প্রাথমিক স্বস্তি দিতে এবং তাদের বসতভিটা নতুন করে মেরামতের লক্ষ্যেই এই জরুরি ঢেউটিন সরকারি তহবিল থেকে বরাদ্দ করা হয়।এই মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই মুহূর্তে আকস্মিক সরকারি সাহায্য হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।