শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মো: মামুনুর রশিদ

জুলাই ২, ২০২৬, ০৬:৩৭ পিএম

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ হিসেবে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন। এতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত চার হাজার পরিবার এই সহায়তা পেয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের চার হাজার পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৪০ টন জিআর চাল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ৭০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগেরই অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মিলন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্তদের দুর্যোগ মোকাবিলায় আশ্বস্ত করেন।

বক্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি এই সহায়তার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।