জুলাই ৭, ২০২৬, ০৩:২৪ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীতে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজা ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজা ও তার কয়েকজন বন্ধু চিরিরবন্দরের আইডিয়াল মোড়ের একটি মেসে থেকে পড়াশোনা করতেন। সোমবার বিকেলে তারা সবাই মিলে রেলব্রিজের নিচে কাঁকড়া নদীতে গোসল করতে যান। এ সময় রাজা সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর মাঝপথে বালার চর অতিক্রম করার পর সাঁতরে ফেরার সময় তিনি হঠাৎ চিৎকার করে ডুবে যেতে থাকেন।
বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সহায়তায় রাজার মরদেহ উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে তলিয়ে গিয়ে রাজার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন