রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরের বিরলে এক পরিবারের সবাই প্রতিবন্ধী অনাহারে মানবেতর জীবন

সুবল রায়

জুলাই ১৪, ২০২৬, ১০:৪৫ এএম

দিনাজপুরের বিরলে এক পরিবারের সবাই প্রতিবন্ধী অনাহারে মানবেতর জীবন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যুগিহারী গ্রামে এক চরম মানবিক সংকটের মুখোমুখি একটি পরিবার। চার সদস্যের এই পরিবারের সকলেই শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধকতার শিকার। অভাবের তাড়না আর শারীরিক সীমাবদ্ধতার কারণে পরিবারটির দিন কাটছে অত্যন্ত মানবেতর অবস্থায়।পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাইফুল ইসলাম নিজেও আংশিক দৃষ্টি প্রতিবন্ধী।

সাইফুলের দৃষ্টিশক্তি কম হওয়ায় মাঠে বা কোনো গৃহস্থের বাড়িতে কাজ করতে পারেন না তিনি। ফলে পরিবারের চার সদস্যের অন্ন জোগাতে তাকে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হয়। তার স্ত্রী লাভলী খাতুনও দৃষ্টি প্রতিবন্ধী। পরিবারে বড় বোন ইসমত আরা মানসিকভাবে ভারসাম্যহীন, যার দায়িত্বও নিতে হয়েছে এই অসহায় দম্পতিকে। এছাড়াও সাইফুল ও লাভলী দম্পতির সাত বছর বয়সী একমাত্র মেয়ের চোখেও দেখা দিয়েছে জটিল সমস্যা।

২০১৭ সালের প্রলয়ঙ্করী বন্যায় পরিবারটির একমাত্র সম্বল মাটির ঘরটি আংশিক ভেঙে পড়ে। এরপর আর ঘরটি মেরামত করার সামর্থ্য হয়নি তাদের। দীর্ঘ ৯ বছর ধরে জোড়াতালি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ভাঙা ঘরেই তারা বসবাস করছেন। রোদ-বৃষ্টি ও ঝড়ে যেকোনো সময় ঘরটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

নিত্যদিনের খাবার জোগাড় করাই যেখানে অনিশ্চিত, সেখানে নিজের ও মেয়ের চোখের চিকিৎসা করানো সাইফুলের কাছে এক অলীক স্বপ্ন। প্রতিবেশীরা মাঝেমধ্যে সহযোগিতা করলেও তা এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়। এখন সরকারি সহায়তা বা বিত্তবানদের সাহায্য ছাড়া পরিবারটির স্বাভাবিক জীবনে ফেরা অসম্ভব।

এ বিষয়ে স্থানীয় বিজোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, পরিবারটির অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের অসহায়ত্বের কথা এবং স্থায়ী বাসস্থানের দাবি দ্রুতই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। অবহেলিত এই পরিবারটিকে বাঁচাতে সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।