সেপ্টেম্বর ১০, ২০২৬, ০১:০৭ পিএম
শারীরিক পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে দিনাজপুরে নিবন্ধিত শিশুদের পরিবারের মাঝে মুরগি বিতরণের মধ্য দিয়ে প্রাণিসম্পদ বৃদ্ধি বিষয়ক অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের মাতাসাগর সংলগ্ন লালুপাড়ার পালকীয় কেন্দ্র প্রাঙ্গণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান।
কর্মসূচির আওতায় নির্বাচিত এক শ এক জন শিশুর প্রতিজনকে সাতটি করে মুরগি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মানবদেহে আমিষের চাহিদা পূরণের জন্য নিয়মিত ডিম, দুধ ও মাংস গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রাণিসম্পদ দপ্তর সাধারণ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি উল্লেখ করেন, গাভি ও ছাগল পালনের পাশাপাশি হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করার এই পদক্ষেপ প্রান্তিক পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। তিনি সুবিধাভোগী অভিভাবকদের সতর্ক করে জানান, বিতরণ করা এই মুরগিগুলো কোনো অবস্থাতেই বাজারে বিক্রি করা যাবে না, বরং যথাযথ পরিচর্যার মাধ্যমে ঘরেই ডিম ও মাংসের জোগান নিশ্চিত করে শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম মুরগি পালন পদ্ধতি ও বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। এছাড়া সংস্থার লাইভলিহুড টেকনিক্যাল স্পেশালিস্ট দিবা রোজারিও প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পেট্টিক রেমো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন