বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

সাপের ছোবল খেয়ে হাসপাতালে রোগী,

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৬:২৬ পিএম

সাপের ছোবল খেয়ে হাসপাতালে রোগী,

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোখরা সাপের ছোবল খেয়ে চিকিৎসার জন্য আসেন সুধাংশু শীল (৫০) নামের এক ব্যক্তি। তবে আশ্চর্যের বিষয় হলো, ছোবল দেওয়া সেই সাপটিকে একটি পলিথিনের ব্যাগে ভরে সঙ্গে করে নিয়ে হাসপাতালে হাজির হন তার স্বজনেরা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পর্যন্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা ডা. আহসান হাবীব।

এর আগে গেল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বুলাকীপুর শালিকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। সুধাংশু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কবলি পাড়া এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন নরসুন্দর।স্থানীয়রা জানান, সঠিক চিকিৎসা ও সাপের প্রজাতি শনাক্তে সহায়তার জন্য তারা সাপটি সঙ্গে করে হাসপাতালে এনেছেন।ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, গেল রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রোগী আসেন।

সেসময় তারা জানান, রোগীকে সাপে কামড়িয়েছে। আমারও দেখে তাই মনে হয়েছে। পরে বাইরে এসে দেখি তাঁরা পলিথিনের ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। সাপটি গোখরা সাপ ছিল।তিনি রোগীর লক্ষণের বর্ণনা দিয়ে বলেন, "সাপে কামড় দিলে রোগীর যে লক্ষণগুলো হয়, যেমন চোখ মেলাতে পারছিলেন না, অস্পষ্ট কথা বলছিলেন, মানুষ চিনতে পারছিলেন না, ঘাড় সোজা করতে পারছিলেন না, শ্বাসকষ্ট হচ্ছিল, পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল এবং কামড়ের স্থান অনেকটা ফুলে গিয়েছিল।"

ডা. হাবীব জানান, নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘণ্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারেন এবং উঠে বসেন।স্থানীয় বাসিন্দা তরুণ শীল জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশুসহ কয়েকজন এলাকাবাসী। এ সময় তার বাম হাতের বগলের নিচে একটি ছাতা ছিল। হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা সাপটি ধরে ব্যাগের মধ্যে ভরে নেয় এবং দ্রুত সুধাংশুকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।