সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২ কোটি টাকার বিদ্যালয় ভবনে ফাটল: চিরিরবন্দরে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৮:০১ পিএম

২ কোটি টাকার বিদ্যালয় ভবনে ফাটল: চিরিরবন্দরে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের সিঁড়িতে ক্লাস চালুর দুই বছর পার হতে না হতেই ফাটল দেখা দিয়েছে। প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের বারান্দা, সিঁড়ি, মেঝে ও দেয়ালে ফাটল ধরায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন অভিভাবকেরা।

চিরিরবন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে বানিয়াখাড়ী সরকারি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।নিম্নমানের কাজের অভিযোগ এনে স্থানীয় অভিভাবক মোস্তাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাক বলেন, "নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুই বছরের মধ্যেই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজের সময় আমরা মৌখিকভাবে ইঞ্জিনিয়ারকে অভিযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাদের কথায় কোনো গুরুত্ব দেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, "নতুন ভবনে ক্লাস চালুর দুই বছর ঘুরতে না ঘুরতেই নিচতলার সিঁড়ির বারান্দায় বড় ফাটল ধরেছে। এছাড়া শ্রেণিকক্ষের মেঝে ও পিলারের সঙ্গে দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে, তিনি এসে ছবি তুলে নিয়ে গেছেন।"উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা খাতুন বলেন, "নতুন বিল্ডিংয়ের দুই বছর এখনো হয়নি, তার মধ্যেই মেঝেসহ অনেক জায়গায় ফাটল ধরেছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা দ্রুত মেরামত করার জন্য আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদার আবেদ আলী বলেন, "বিল্ডিং হস্তান্তর করার প্রায় দুই বছর হয়েছে। সিঁড়ির একেবারে প্রথম ধাপে একটু চিড় ধরেছিল, আলগা মাটির উপর করা হয়েছিল, তেমন কোনো সমস্যা নেই। জানতে পেরেই মেরামত করা হয়েছে।"চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাসুদার রহমান বলেন, "বিল্ডিংয়ের মেঝে ও সিঁড়ির কিছু অংশে কেবল পলেস্তারের ওপরে ফাটল বা চিড় ধরেছে। অফিস থেকে বলার এক দিনের মধ্যেই সংস্কার করা হয়েছে।