মার্চ ৫, ২০২৬, ০৬:৫৯ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত এক আসামিকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার আখাপুর গ্রামে অভিযান চালিয়ে মো. আব্দুল বারেককে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক আব্দুল বারেক বোচাগঞ্জ উপজেলার আখাপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সেতাবগঞ্জ নেসকো বিদ্যুৎ কোম্পানির অফিসে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে পুলিশ দীর্ঘ দিন ধরে বারেককে খুঁজছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি পুলিশ দল বারেকের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বারেককে আটকের পাশাপাশি তার হেফাজত থেকে নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
তল্লাশিকালে পুলিশ আসামির কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি হাসুয়া, সাতটি লোহার রড, একটি লোহার হাতলসহ রড, তালা কাটার লোহার কাঁচি ও এর অংশবিশেষ, একটি ফ্রেমযুক্ত হ্যাকসো ব্লেড, একটি কালো রঙের ফুল প্যান্ট এবং একটি মানকি টুপি জব্দ করে। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক আব্দুল বারেকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় নতুন করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও নয়টি মামলা বিচারাধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন