মার্চ ৯, ২০২৬, ১০:৫৬ পিএম
দিনাজপুরে গণঅধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইয়াকুব আলী ইমন।
এছাড়াও জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ সজীব, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম এবং গণঅধিকার পরিষদ সদর উপজেলার সভাপতি শওকত আকবর ও সাধারণ সম্পাদক রায়হান হিপ্পুসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক গোলাম আযম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ঐক্যের অন্যতম প্রতীক। গণঅধিকার পরিষদের এই মহতী আয়োজন প্রমাণ করে যে, আমরা সবাই মিলেমিশে সমাজে শান্তি ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে আগ্রহী। তিনি আরও আশা প্রকাশ করেন যে, সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মী জনগণের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে সবসময় রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন।
সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ শুরু থেকেই মেহনতী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বিশ্বাস করেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাজে ন্যায়বিচার, মানুষের অধিকার এবং সমতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পরিশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন